হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি ৮০ দেশের আহ্বান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দ্রুত খুলে দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের ৮০টি দেশ। একই সঙ্গে ইরান এবং তাদের মিত্র গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক বিভিন্ন হামলার কঠোর নিন্দাও জানিয়েছে দেশগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ৮০টি দেশের পক্ষে যৌথ বিবৃতি পাঠ করেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ বিন রশিদ আল জায়ানি। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে ইরানের বর্তমান কর্মকাণ্ড আন্তর্জাতিক নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতা ও অধিকারের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়েছে।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, কোনো ধরনের বিলম্ব ছাড়াই নৌ চলাচলের অধিকার ও নীতিমালাগুলো পুরোপুরি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর প্রধান পথ হিসেবে পরিচিত। গত ফেব্রুয়ারিতে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে তেহরান প্রণালিটি বন্ধ ঘোষণা করে। এই সিদ্ধান্তের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। ৮০টি দেশের এই যৌথ আহ্বানের ফলে হরমুজ প্রণালিতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পেল।