শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটির পূর্বানুমোদন ছাড়া কেবল গভর্নিং বডির সিদ্ধান্তে কোনো শিক্ষককে বরখাস্ত করা বেআইনি বলে রায় দিয়েছে হাইকোর্ট। এছাড়া আইনি প্রক্রিয়া পাশ কাটিয়ে গভর্নিং বডির সভাপতির কেবল টেলিফোনিক নির্দেশে তদন্ত কমিটি গঠন করাকেও আদালত আইনবহির্ভূত বলে অভিহিত করেছে।
বিচারপতি মো. সোহরাওয়ার্দী ও বিচারপতি দিহিদার মাসুম কবিরের হাইকোর্ট বেঞ্চ গত ৯ জুলাই এই রায় প্রদান করেন। মামলাটি ছিল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবুল মনসুরকে বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে। গত রোববার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
ঘটনার সূত্রপাত ২০১৪ সালের ৯ নভেম্বর, যখন সহকারী অধ্যাপক আবুল মনসুরের বিরুদ্ধে গচিহাটা পল্লী একাডেমির প্রধান শিক্ষিকা জাকিয়া বেগমের বাড়িতে গিয়ে অশালীন আচরণের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে অধ্যক্ষ তাঁকে কারণ দর্শানোর নোটিস দেন। শিক্ষক অভিযোগ অস্বীকার করলে গভর্নিং বডির সভাপতি মোহা. আখতারুজ্জামানের মৌখিক বা টেলিফোন নির্দেশে ৭ ডিসেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০১৫ সালের ৩১ জানুয়ারি গভর্নিং বডির সভায় শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে ১ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর দেখানো হয়।
পরবর্তীতে অনুমোদনের জন্য ১৬ ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের আপিল ও সালিশ কমিটিতে পাঠানো হলে ২০ এপ্রিলের সভায় তা নামঞ্জুর করে ওই শিক্ষককে বকেয়া বেতন-ভাতাসহ পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে গভর্নিং বডির সভাপতি হাইকোর্টে রিট মামলা দায়ের করেন। চূড়ান্ত শুনানির পর আদালত রুল ও স্থগিতাদেশ উভয়ই খারিজ করে দেয়।
আদালত পর্যবেক্ষণে বলেছে, বেসরকারি কলেজের শিক্ষক বরখাস্তের ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। বরখাস্ত কার্যকরের আগেই আপিল ও সালিশ কমিটির মাধ্যমে বোর্ডের অনুমোদন প্রয়োজন। কিন্তু এ মামলায় ১ ফেব্রুয়ারি বরখাস্ত কার্যকর করে ১৬ ফেব্রুয়ারি অনুমোদনের জন্য পাঠানো হয়।
মামলার নথিতে অভিযোগের ঘটনার তারিখ নিয়েও বড় ধরনের অসঙ্গতি পেয়েছে আদালত। মূল অভিযোগে ৯ নভেম্বর উল্লেখ থাকলেও প্রথম নোটিসে ৭ নভেম্বর এবং তদন্ত প্রতিবেদনে ৫ ডিসেম্বর উল্লেখ করা হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ সংকুচিত করায় প্রাকৃতিক ন্যায়বিচারের নীতি লঙ্ঘিত হয়েছে বলেও আদালত মন্তব্য করেছে। রায়ে আরও বলা হয়, গভর্নিং বডি কেবল বরখাস্তের প্রস্তাব দিতে পারে, চূড়ান্ত বরখাস্তের জন্য বোর্ডের অনুমোদন প্রয়োজন।
তবে মামলা চলাকালীন শিক্ষক আবুল মনসুর অবসরের বয়সে পৌঁছে যাওয়ায় তাঁকে পুনর্বহালের সুযোগ নেই বলে আদালত জানিয়েছে। তবুও অবসরের তারিখ পর্যন্ত তাঁর বকেয়া বেতন, চাকরিসংক্রান্ত সুবিধা এবং প্রযোজ্য পেনশন পাওয়ার অধিকার রয়েছে বলে আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছে।

