মোদি-ত্রিবেদী বৈঠক: বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা

ঢাকায় সাম্প্রতিক তিন গুরুত্বপূর্ণ বৈঠক শেষে নয়াদিল্লি ফিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি জানিয়েছে, ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে গঠনমূলক সম্পৃক্ততার অংশ হিসেবেই ঢাকায় তার ধারাবাহিক বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে রোববার ঢাকায় স্টেট গেস্ট হাউস পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। পরবর্তীতে সোমবার সচিবালয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ দৃষ্টিভঙ্গিতে কাজ করার বিষয়ে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি জনকেন্দ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন ভারতীয় হাইকমিশনার। তিনি পারস্পরিক সুবিধা ও সংবেদনশীলতার ভিত্তিতে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে ভারতের আগ্রহের কথা জানান।