উপসাগরীয় অঞ্চলের চলমান সংকটের কারণে এলএনজি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হওয়ায় বাংলাদেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। এই জ্বালানি ঘাটতির প্রভাব পড়েছে রান্নাঘর থেকে শুরু করে বৃহৎ শিল্প কারখানা, এমনকি হাসপাতালের জরুরি সেবার ওপরও। ঢাকায় বসবাসকারী পারভিন আক্তারের মতো অনেকেই গ্যাস সরবরাহের অনিয়মিত সূচির কারণে রান্নার সময় ঠিক করতে পারছেন না। বাধ্য হয়ে অনেক সময় মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, আবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইলেকট্রিক চুলার ব্যবহারও অনিশ্চিত হয়ে পড়েছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং লোহিত সাগরে হুতিদের সংঘাতের কারণে আন্তর্জাতিক নৌপথে বাণিজ্য চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। শেল-এর হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে প্রায় ৩ কোটি ৬০ লাখ টন এলএনজি সরবরাহ কমেছে। ফলে এশিয়ার স্পট বাজারে এলএনজির দাম যুদ্ধের আগের ১০ ডলার থেকে বেড়ে চলতি সপ্তাহে প্রতি মিলিয়ন বৃটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) প্রায় ৩০ ডলারে পৌঁছেছে। বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশের বেশি এলএনজি নির্ভর, যার ৯৫ শতাংশ একসময় কাতার থেকে আসত। সরবরাহ সংকট মেটাতে এখন বেশি দামে স্পট মার্কেট থেকে গ্যাস কিনতে হিমশিম খাচ্ছে সরকার। চলতি সপ্তাহে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, শিল্পের প্রবৃদ্ধি ধীর হয়ে যাচ্ছে এবং উৎপাদন কমে যাচ্ছে।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে এই সংকট গভীর ক্ষত তৈরি করেছে। বিকেএমইএ-এর জরিপ অনুযায়ী, আগস্টের শেষ দিক থেকে ৭৮ শতাংশ কারখানা আংশিকভাবে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে এবং ৫৫ শতাংশ নিট পোশাক কারখানার ক্রেতারা অর্ডার বাতিল বা কমিয়ে দিয়েছেন। গ্যাসের নিম্নচাপের কারণে বয়লার নষ্ট হওয়া এবং সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অনেক প্রতিষ্ঠানকে বিমানপথে পণ্য পাঠাতে হচ্ছে। পোশাকশিল্পের নির্বাহী ফজলে শামীম এহসান জানান, ফ্রান্সের এক ক্রেতার কাছে হুডি জ্যাকেট পাঠাতে তাদের বিমান পরিবহনে ৫০ হাজার ডলার অতিরিক্ত খরচ করতে হয়েছে। ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এহসান আরও জানান, কারখানা চালু রাখতে ডিজেলের পেছনেও তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
জ্বালানি সংকটের এই প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রা ও সেবাদানকারী প্রতিষ্ঠানেও দৃশ্যমান। টাঙ্গাইলের পোলট্রি খামারি সায়েদুল ইসলাম জানান, বিদ্যুতের অভাবে ফ্যান চালাতে না পারায় প্রতিদিন তার খামারের ১৫ থেকে ২০টি মুরগি মারা যাচ্ছে। অন্যদিকে, সিলেটের একটি হাসপাতালে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের অসহনীয় গরমে ঘিঞ্জি কক্ষে থাকতে হচ্ছে, যদিও জেনারেটরের মাধ্যমে আইসিইউ সচল রাখা হয়েছে।
সরকার সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে। এফবিসিসিআই-এর ফজলুল হক জানিয়েছেন, একটি অচল এলএনজি টার্মিনাল মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে, যা সচল হলে আরও বেশি এলএনজি ট্যাংকার থেকে গ্যাস খালাস করা সম্ভব হবে। তবে ব্যবসায়ী এহসানসহ কেউ কেউ জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে গ্যাস সরবরাহ কিছুটা বাড়ায় পরিস্থিতির সামান্য উন্নতি তারা লক্ষ্য করেছেন। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও বর্তমানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট চলছে।

