ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন পোশাকশ্রমিকেরা। সোমবার দুপুর ১টার দিকে সাইনবোর্ড এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
শ্রমিকদের এই অবরোধের ফলে ঢাকা অভিমুখী লেনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, তারা ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছেন। বর্তমানে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

