ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছয়জনের কাছ থেকে ৯৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভুক্তভোগীদের দীর্ঘ দেড় মাস ধরে নানা টালবাহানা করার পর আরও চার হাজার টাকা দাবি করলে সন্দেহবশত ওই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের রায়বাজার এলাকায় কৃষি ব্যাংকের সামনে।
আটক নারীর নাম নার্গিস আক্তার (৩৬), তিনি মৃগালী গ্রামের খোকন আলীর স্ত্রী। তাকে প্রথমে রায়বাজার তদন্তকেন্দ্রে নেওয়া হয় এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হয়ে সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন নান্দাইল উপজেলার কামারগাঁও ইউনিয়নের দোরুয়া গ্রামের হোসনে আরা বেগম (৩২), রাবেয়া খাতুন (৫০), জোসনা খাতুন (৩০), আছিয়া খাতুন (৫৬), তন্নী আক্তার লিমা (৩৫) ও কনক মিয়া (৩৬)। তাদের অভিযোগ অনুযায়ী, পূর্বপরিচয়ের সূত্র ধরে নার্গিস আক্তার তাদের ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এর বিনিময়ে রাবেয়া খাতুনের কাছ থেকে ১৮ হাজার এবং অন্য পাঁচজনের কাছ থেকে ১৬ হাজার টাকা করে মোট ৯৮ হাজার টাকা গ্রহণ করেন তিনি।
টাকা নেওয়ার পর দেড় মাস ধরে ‘আজ হবে, কাল হবে’ বলে সময়ক্ষেপণ করতে থাকেন নার্গিস। সম্প্রতি তিনি আরও চার হাজার টাকা দাবি করলে ভুক্তভোগীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। ভুক্তভোগী রাবেয়া খাতুন জানান, আঠারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান আলমগীর ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমানের নাম ব্যবহার করে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলা হয়েছিল।
এ বিষয়ে ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, ৫ অক্টোবর বিষয়টি জানার পর ভুক্তভোগীদের সহায়তায় বাকি টাকা দেওয়ার কথা বলে নার্গিসকে আঠারবাড়ীতে ডেকে আনা হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি দাবি করেন, নার্গিস তাদের নাম ব্যবহার করে এই প্রতারণা করছিলেন। অন্য ইউপি সদস্য মিজানুর রহমান আলমগীরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই নারীকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

