কমিশন, অতিরিক্ত চার্জ কর্তন ও আর্থিক হিসাবের অস্বচ্ছতার অভিযোগে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডাকে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকরা। নির্ধারিত সময়ের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়ন করা না হলে চট্টগ্রাম মহানগরের রেস্তোরাঁগুলোতে ফুডপান্ডার মাধ্যমে অর্ডার গ্রহণ বন্ধ রাখার কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় নগরের মুরাদপুর এলাকার বারকাত ফুড স্টেশনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, ফুডপান্ডা বিভিন্ন খাতে অযৌক্তিক অর্থ কর্তন করছে। কমিশনের পাশাপাশি অতিরিক্ত চার্জ আরোপ এবং হিসাবের স্বচ্ছতার অভাবের কারণে রেস্তোরাঁ পরিচালনার ব্যয় বেড়ে যাচ্ছে, যা ব্যবসার মুনাফাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া অর্ডার বাতিলের ক্ষেত্রে ক্ষতিপূরণের বিষয়টি নিয়েও ব্যবসায়ীদের মধ্যে গভীর অসন্তোষ রয়েছে।
মালিকদের ভাষ্যমতে, অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রেতাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হলেও ফুডপান্ডার একতরফা ব্যবসায়িক নীতির কারণে রেস্তোরাঁ মালিকরা আর্থিক চাপের মুখে পড়েছেন। এসব বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও প্ল্যাটফর্মটির পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
ব্যবসায়ীরা জানান, ব্যবসার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে কমিশন কাঠামো পুনর্বিবেচনা, অযৌক্তিক চার্জ বন্ধ, আর্থিক হিসাবের স্বচ্ছতা নিশ্চিত এবং অর্ডার বাতিলের ক্ষেত্রে ন্যায্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা জরুরি। আগামী সাত দিনের মধ্যে এসব দাবি পূরণ না হলে চট্টগ্রাম মহানগরের রেস্তোরাঁ মালিকরা সম্মিলিতভাবে ফুডপান্ডায় অর্ডার গ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন।

