সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রল বোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার জাতীয় সংসদের চলমান অধিবেশনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তোলা অভিযোগের প্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী জানান, প্রাথমিক তদন্ত ও বিজিবির প্রতিবেদনের উদ্ধৃতি অনুযায়ী, পরিত্যক্ত ওই পুরোনো বাড়িটির দুর্বল ইলেকট্রিক ওয়্যারিং থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, নাশকতার কোনো প্রমাণ পাওয়া গেলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
ঘটনাটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে ঘটেছে, যা সীমান্ত থেকে সাত দশমিক চার কিলোমিটার দূরে অবস্থিত। সংসদ সদস্যের ওই বাড়িটি জনশূন্য ও পরিত্যক্ত অবস্থায় ছিল; এর ২০ মিটার দূরে তার বাবা-মা বসবাস করেন। টিনশেড ঘরটিতে কেউ না থাকলেও সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল, যা অগ্নিকাণ্ডে মারা গেছে। ৯৯৯-এ খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজিবি, ফায়ার ব্রিগেড, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি এবং বিজিবির একটি দল। এছাড়া তিনি নিজে কথা বলে জেলা পুলিশ সুপারকেও ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠিয়েছেন। বিজিবির সংক্ষিপ্ত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলের আলামত, স্থানীয় ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে মূল্যায়ন করা হয়েছে যে, সেখানে পেট্রল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেওয়ালেও পেট্রল বোমার কোনো চিহ্ন মেলেনি এবং কোনো সাক্ষীও এ ধরনের তথ্য দেননি।
ঘটনার অডিও-ভিডিও ও ছবি সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে। দৌলতপুর থানায় এ ঘটনায় ১২ নভেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৭০৩) নথিভুক্ত করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। মন্ত্রী স্পষ্ট করেন যে, এটি একটি প্রাথমিক ধারণা মাত্র এবং চূড়ান্ত তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে। তবে অধিকতর তদন্তে যদি কারও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে সরকার সে অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

