স্ত্রী উধাওয়ের খবরে সৌদিতে দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী আজিজ

সৌদি আরবপ্রবাসী আজিজ আকন্দের স্ত্রী ছয় বছরের মেয়েসন্তানকে ফেলে অন্য এক যুবকের সঙ্গে চলে যাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ খবর পেয়ে প্রবাসী আজিজ সৌদি আরবে অবস্থানকালে ফেসবুকে লাইভে এসে দুধ দিয়ে গোসল করেন। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে তাঁর দুধ দিয়ে গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী আজিজ আকন্দ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর এলাকার বাসিন্দা। পরিবারে জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। প্রায় নয় বছর আগে সান্ত্বনা আক্তারের সঙ্গে তাঁর বিয়ে হয়। এই দম্পতির সংসারে ছয় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। আজিজের অভিযোগ, গত বুধবার বিকেলে তাঁর স্ত্রী শিশুকন্যাটিকে রেখে অন্য এক যুবকের সঙ্গে চলে যান। এ সময় তিনি নগদ তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার সাথে নিয়ে গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের লাইভ ভিডিওতে আজিজ আকন্দকে বলতে শোনা যায়, ‘বিশ্বাস করে রেখে গেছিলাম স্ত্রীকে, ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে অন্যের হাত ধরে, আমি কাবাঘরে গিয়ে আল্লাহর কাছে বিচার দিব।’ তিনি আরও বলেন, ‘নারীর মায়া, বিশ্বাস করে রেখে গেছিলাম, ৯ বছরের সংসার ভেঙে ৬ বছরের একটি ফুটফুটে শিশুকন্যা রেখে চলে গেছে অন্যের হাত ধরে।’

ঘটনাটি জানার পর বৃহস্পতিবার আজিজ আকন্দের পরিবারের সদস্যরা মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের বিষয়ে জানতে সান্ত্বনা আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরবর্তীকালে পরিবারের বক্তব্য জানার জন্য তাঁদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি, ফলে তাঁদের মন্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম জানান, প্রবাসী আজিজ আকন্দের পরিবারের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।