২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯ জন

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই সময়ের মধ্যে পুলিশ ৫৭টি মামলা দায়ের করেছে। সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, গুলশান বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, উত্তরা বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।

অভিযান চলাকালে পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ২ লিটার পেট্রোল, ২৯ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১২৮ পিস ইয়াবা এবং ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এছাড়া ৮টি মোবাইল ফোন, নগদ ৩৬ হাজার ৩৮০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।