ঢাবিতে কয়েক মিনিটের ব্যবধানে জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কয়েক মিনিটের ব্যবধানে দুটি পৃথক স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় এই বিস্ফোরণগুলো ঘটে। এতে দুইজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে সোহেল (৩৬) নামের একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বিস্ফোরণে আহত অপরজনের নাম এখনও জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের দুটি জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এতে দুজন আহত হয়েছেন। প্রক্টর আরও জানান, আহতদের মধ্যে একজন গুরুতর অবস্থায় আছেন; বিস্ফোরণের সময় গাড়িতে থাকা অবস্থায় তার মাথায় আঘাত লেগেছে।