প্রকাশ: 15 সেপ্টেম্বর 2026, 12:00 এএম
বাংলাদেশ ও ভারত উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের কথা বললেও বাস্তবে দুই দেশের হিসাবনিকাশ আটকে যাচ্ছে ‘শেখ হাসিনা’ ইস্যুতে। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে কোনো রাজনৈতিক বা উসকানিমূলক বক্তব্য দেবেন না বলে দিল্লির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছিল। তবে এরপরও ঢাকার আস্থার সংকট কাটেনি। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও গত ৫ আগস্ট শেখ হাসিনাকে দিল্লিতে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া এবং ব্রিকস সম্মেলনের আমন্ত্রণপত্রে তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ সম্বোধন না করায় ঢাকার সংশয় আরও গভীর হয়েছে। ভারত হাসিনাকে ব্যবহার করে নতুন কোনো রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে চায় কি না, তা নিয়ে ঢাকার নীতিনির্ধারক ও জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেউ কেউ হাসিনাকে ভারতের ‘ট্রাম্প কার্ড’ হিসেবেও দেখছেন।
কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরত চেয়েছিল বাংলাদেশ। কিন্তু ভারত সাফ জানিয়ে দিয়েছে যে তারা হাসিনাকে ফেরত দেবে না, তবে তিনি নিজে চাইলে দেশে ফিরতে পারেন। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে এবং ভারত তাতে কতটা সহায়তা করবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, অনুকূল পরিবেশ সৃষ্টি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক ভারত সফর করবেন, তবে শেখ হাসিনার ভারতে অবস্থানই সেই পরিবেশ তৈরির অন্যতম বাধা হিসেবে কাজ করছে।
সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা ইস্যুটি একটি বড় অন্তরায় হলেও এটিই একমাত্র বাধা নয়। এই সংকট কাটাতে উভয় পক্ষের কার্যকর কূটনৈতিক উদ্যোগ বা আলোচনার ঘাটতি রয়েছে। তিনি মনে করেন, শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া, জনক্ষোভ এবং কূটনৈতিক জটিলতা নিরসনে রাজনৈতিক নেতৃত্বকে সাহস ও সদিচ্ছা দেখাতে হবে। শীর্ষ পর্যায়ের সংলাপ ছাড়া এই অচলাবস্থা কাটানোর অন্য কোনো বিকল্প নেই এবং শেষ পর্যন্ত জাতীয় স্বার্থ রক্ষায় দুই দেশের নেতৃত্বকে দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং তার পক্ষে ঝটিকা মিছিল ও বিভিন্ন বক্তব্য তৈরি করা হচ্ছে, যেন তারা গায়ের জোরেই দেশে ঢুকে পড়বেন। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানে জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন, যার দায় হাসিনার ওপরই বর্তায়। এছাড়া তার আমলে শত শত মানুষ গুমের শিকার হয়েছেন। এই রক্তস্নাত অধ্যায়ের পর ভোটের মাধ্যমে তারেক রহমানের সরকার ক্ষমতায় এসেছে। এখন শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারই দেশের মুখ্য আলোচনা। ফলে সরকার চাইলেও শেখ হাসিনা বা তার নিষিদ্ধ ঘোষিত দলটিকে রাজনীতির মাঠে ফেরানো সম্ভব হচ্ছে না। বিশ্লেষকদের মতে, পতিত আওয়ামী লীগের কিছু কর্মীকে মিছিলে দেখা গেলেও, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতি করা সম্ভব নয়। কারণ আগে তাকে গণহত্যার বিচারের মুখোমুখি হতে হবে। ভারত চাইলেও তাকে রাজনীতিতে ফেরানো সম্ভব নয়, কারণ এতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ দেশের একটি বড় অংশ ক্ষুব্ধ হবে।
অন্যদিকে, শুধু শেখ হাসিনা ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থবির রাখা ঠিক নয় বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে সম্পর্ক থমকে থাকা কূটনৈতিক অদূরদর্শিতার লক্ষণ। পরিবেশ স্বাভাবিক হওয়ার অপেক্ষায় বসে না থেকে বাংলাদেশের উচিত নিজস্ব উদ্যোগে আলোচনার পথ তৈরি করা। বিশেষ করে গঙ্গা পানিচুক্তির মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে অগ্রগতি নিশ্চিত করতে ভারতের সঙ্গে দ্রুত যোগাযোগ করা প্রয়োজন। যথাযথ পদক্ষেপের অভাবে সম্পর্ক আরও শীতল হলে তা বাংলাদেশের জন্যই বেশি ক্ষতিকর হবে।
সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন, শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পর্কের টানাপোড়েনের দৃশ্যমান কারণ হলেও এটিই মূল সংকট নয়। বিশ্বরাজনীতির পরিবর্তনশীল প্রেক্ষাপটে বাংলাদেশে ডানপন্থার উত্থান ঘটেছে, যার সঙ্গে ভারতের বর্তমান সরকারের সমীকরণ এখনো মেলেনি। শেখ হাসিনা দেশে থাকলেও ভারতের সঙ্গে এই টানাপোড়েন চলত। গবেষক ও লেখক আলতাফ পারভেজ আবার মনে করেন, শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের চেয়ে দুই দেশের সম্পর্কের বড় অন্তরায় হলো উভয় রাষ্ট্রের উগ্রপন্থি বা দক্ষিণপন্থি অভিজাত শ্রেণির নেতিবাচক ভূমিকা। এই গোষ্ঠী নিজেদের স্বার্থে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে বিদ্বেষ বজায় রাখতে চায়, অথচ সীমান্তের সাধারণ মানুষ ও দরিদ্র সমাজ সবসময়ই শান্তিপূর্ণ সহাবস্থান, ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন কামনা করে।

