কুবিতে শুরু হলো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬-২৭ আসরের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। গত রবিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও ফার্মেসি বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ জানিয়েছে, এবারের ফুটবল প্রতিযোগিতায় কুবির মোট ১৮টি বিভাগ অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ জুলহাস উদ্দিন। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়রা এ সময় মাঠে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, “আন্তঃবিভাগীয় এই প্রতিযোগিতাকে নিজেদের পরিবারের সদস্যদের মধ্যকার প্রতিযোগিতা হিসেবে দেখতে হবে। যে বিভাগই জয়ী হোক, জয়ী হবে বিশ্ববিদ্যালয়েরই একটি দল।” খেলায় অতিরিক্ত আক্রমণাত্মক মনোভাব পরিহার করে খেলোয়াড়দের পারস্পরিক ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।