মিরপুরে সনি হলের সামনে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে এসে অজ্ঞাতপরিচয়ের কয়েকজন দুর্বৃত্ত এ হামলা চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান। তিনি বলেন, "সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।"

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মোটরসাইকেলে চেপে এসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে ককটেলটি ছুড়ে মারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও কার্যক্রম চলমান রয়েছে। তবে এ বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।