রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা হোটেলের এক নম্বর গেটের বাইরের রাস্তায় এই বিস্ফোরণ ঘটায়।
ঘটনাসূত্রে জানা যায়, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, এর আগে রাজারবাগ পুলিশ লাইন্সের সামনেও দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল।

