শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ অব্যাহত, ৩ শর্তে সিজেপির আল্টিমেটাম

ভারতের ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ইতোমধ্যে তার পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তবে শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, মন্ত্রীর পদত্যাগের পরেও সিজেপি তাদের বিক্ষোভ কর্মসূচি থেকে সরে আসছে না।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও এখনই তেলাপোকারা বা বিক্ষোভকারীরা রাজপথ ছাড়ছেন না। এনডিটিভির তথ্যমতে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরের পর বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি এই ঘোষণা দেন।

সংগঠনটি তাদের পরবর্তী অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্পষ্ট করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সম্পন্ন হলেও তাদের আরও তিনটি দাবি অবশিষ্ট রয়েছে। প্রথমত, নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, আন্দোলনকারী কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো প্রকার আইনি পদক্ষেপ নেওয়া যাবে না। তৃতীয় দাবি হিসেবে, র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং দিল্লি পুলিশকে প্রকাশ্যে বিক্ষোভকারীদের কাছে ক্ষমা চাইতে হবে।

এদিকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে বিজয়-উল্লাস করেছেন। এই আন্দোলন নিয়ে দেশটির বিভিন্ন মানবাধিকারকর্মী, পরিবেশবিদ এবং রাজনীতিবিদরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিষয়টিকে ভারতের গণতন্ত্রের বড় জয় হিসেবে অভিহিত করেছেন। এছাড়া আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুকও একে গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন।