চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ সাদিকুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি। উপাচার্য আগত অতিথিকে সাধুবাদ ও স্বাগত জানান। বিএনসিসি কমান্ডার বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আলোচনা শেষে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাতের সময় চবি বিএনসিসির সমন্বয় কর্মকর্তা ২/লে. প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, চবি সেনা শাখার বিএনসিসিও ২/লে. প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল হোসেন এবং চবি বিএনসিসি বিমান শাখার প্রধান পিইউও প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

