কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নুরপুর-তেলিকোনা সড়কে এই মিছিলের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে জুমার নামাজের খুতবা চলাকালে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে এই ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি প্রায় এক মিনিট স্থায়ী ছিল। ঘটনার পর মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে পুলিশ।
পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কাইয়ুমসহ ১০ জনকে আটক করে। তবে এখন পর্যন্ত সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, মিছিলে অংশ নেওয়া অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
