ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক লেনদেন ব্যবস্থায় কোনো ধরনের ফি বা চার্জ প্রযোজ্য হবে না। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে এই কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার আনুষ্ঠানিক উদ্বোধন ও লেনদেন পরিদর্শনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, সরকারের এই বিশেষ উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো আর্থিক লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা যাবে। এর ফলে গ্রাহক বা ব্যবসায়ী কাউকে কোনো বাড়তি চার্জ বা ফি বহন করতে হবে না। তিনি উল্লেখ করেন, রিকশাচালক, ফুচকা বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মতো সমাজের সর্বস্তরের মানুষকে এই ডিজিটাল আর্থিক সেবার আওতায় নিয়ে আসা হবে। এর মাধ্যমে ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর হিসাবে কিউআর কোড ব্যবহার করে সহজেই টাকা গ্রহণ করতে পারবেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, এই ব্যবস্থা চালু হওয়ার ফলে সাধারণ মানুষকে নগদ টাকা বহন করার ঝক্কি পোহাতে হবে না। একই সঙ্গে লেনদেন প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও নিরাপদ হয়ে উঠবে। তিনি স্বীকার করেন যে, প্রাথমিক পর্যায়ে বাংলা কিউআর ব্যবহারে ছোটখাটো কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে, তবে এসব দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। বিশ্বের অনেক উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সফল ও নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক এই চর্চাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। ক্যাশলেস লেনদেনের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও আধুনিক ও ডিজিটাল করার সুযোগ তৈরি হবে। পরিশেষে তিনি দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তোলার এই সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

