বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সাম্রাজ্যবাদ বিরোধী ঐক্যের ডাক ভারপ্রাপ্ত স্পিকারের

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা শহিদ ও যুদ্ধাহত হয়েছেন, বর্ষা বিপ্লবের এই বিজয় দিবসে আমি তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত “বর্ষা বিপ্লবের গান” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চীফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি এবং জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি। সরকারদলীয় চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, বর্ষা বিপ্লবকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে আমরা কোনোভাবেই বিচ্যুত হতে চাই না এবং তরুণদের স্বপ্ন যেন আর পদধূলিত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, যেকোনো জাতীয় সংকটে আমাদের একতাবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে যাতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। বিরোধী দলের চীফ হুইপ মো. নাহিদ ইসলাম জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। অনুষ্ঠানে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, আহ্বায়ক ও সংসদ-সদস্য হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য বক্তারা সকল মতপার্থক্য ভুলে পরিবর্তিত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।