সরকার গঠনের ১৮০ দিনের মাথায় মন্ত্রিসভায় কোনো রদবদল হওয়ার সম্ভাবনা আছে কি না, তা নিয়ে চলছে নানা আলোচনা। এ বিষয়ে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, মন্ত্রিসভার সদস্য পরিবর্তনের বিষয়টি একান্তই প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন মন্ত্রিসভার কোনো সদস্য আশানুরূপ পারফর্ম করতে পারছেন না, তবে তিনি প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন করবেন অথবা নতুন কাউকে দায়িত্ব অর্পণ করবেন। তবে এই রদবদল সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরপরই হবে নাকি এর জন্য আরও সময়ের প্রয়োজন, সে বিষয়ে তিনি নিশ্চিতভাবে কিছু জানাননি।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তিনি যা বুঝেছেন, তা হলো—যদি কখনো মনে হয় কেউ প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হচ্ছেন, তবে প্রধানমন্ত্রী নিজেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও এই মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।

