রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীতে এক পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বাসের চালক। তবে শেষ রক্ষা হয়নি, যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশের তৎপরতায় বাসসহ চালককে আটক করা হয়েছে। আটক চালকের নাম মো. সাইফুল (২৬)।
যাত্রাবাড়ী ট্রাফিক জোন সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে কুতুবখালী এলাকায় ঘাতক বাসটি এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন। দুর্ঘটনার পরপরই চালক বাস নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন।
এ সময় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সড়ক বন্ধ করে বাসটি আটকের চেষ্টা চালান। এক পর্যায়ে ধাওয়া করে শনির আখড়া এলাকা থেকে বাসসহ চালক সাইফুলকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে দুর্ঘটনার পরপরই নিহত ওই পথচারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

