বিএসএফের হাতে বাংলাদেশি আটক, পাল্টা ভারতীয় নাগরিককে আটক গ্রামবাসীর

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা। শনিবার (৮ আগস্ট) সকালে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে দীপঙ্কর গোপ (৩৫) নামের ওই ভারতীয় নাগরিককে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন গ্রামবাসী। আটক দীপঙ্কর ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার সকালে কাঁটাতারের ওপারে একটি চা-বাগানে কাজ করার সময় ভুলবশত দীপঙ্কর বাংলাদেশ অংশে ঢুকে পড়েন। বর্তমানে তাকে বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রাখা হয়েছে। এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবা বয়স্ক, কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। তিনি দাবি জানিয়েছেন, তার বাবাকে ফেরত না দেওয়া পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হবে না। এই ঘটনায় এখন পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দ্রুত একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।