ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন বিভক্তির প্রতিবাদে রেল ও সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ভেঙে নতুন ‘বরিশল’ ইউনিয়ন গঠন এবং অখণ্ড ইউনিয়ন পুনর্বহালের দাবিতে স্থানীয় বাসিন্দারা সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় শুরু হওয়া এই বিক্ষোভে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এই অবরোধের ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলোর যাত্রার সময় অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, চলতি বছরের মে মাসে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নিয়ে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে তা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। ৪ জুন এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হলেও এলাকাবাসী শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন।

পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন সদর উপজেলার তিনটি ইউনিয়ন—বাসুদেব, সুলতানপুর ও রামরাইলকে নিয়ে বরিশল ইউনিয়নের সঙ্গে যুক্ত করে নতুন একটি উপজেলা করার প্রস্তাব উত্থাপন করা হয়। জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর ওইসব ইউনিয়নের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সেখানে দায়িত্ব পালন করছে।