বেনজীরকে দেশে ফেরাতে প্রক্রিয়া শুরু করেছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

উপদেষ্টা হুমায়ুন কবির আরও বলেন, বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রক্রিয়া শুরু করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে এবং বর্তমানে আলোচনা চলছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা আপনাদের জানানো হবে।

দুবাইয়ে বেনজীর আহমেদের জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে সাংবাদিকদের করা অপর এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে সর্বশেষ তথ্য আমার কাছে নেই। আমি বিভিন্ন বৈঠক থেকে এসেছি। বিষয়টি সম্পর্কে আপডেট না জেনে মন্তব্য করা ঠিক হবে না। এ বিষয়ে হালনাগাদ তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।