আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সহযোগিতা চাইল ঢাকা

দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানের (আসিয়ান) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশ তার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। এ লক্ষ্য অর্জনে ফিলিপাইনের সমর্থন চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ফিলিপাইনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মা. থেরেসা পি. লাজারো।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে নার্সিং খাতে পারস্পরিক সহযোগিতা, চিকিৎসা পর্যটনের ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পরিবার পুনর্মিলনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে ফিলিপাইনের সক্রিয় সমর্থন প্রত্যাশা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও উভয় পররাষ্ট্রমন্ত্রী সম্মত হয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কাঠামোর সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গভীর করার অংশ হিসেবেই বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য এই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

শনিবার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।