মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে পাকিস্তান প্রথমবারের মতো প্রকাশ্যে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, অভিন্ন নিরাপত্তা স্বার্থ ও যৌথ দায়বদ্ধতায় বিশ্বাসী কোনো দেশ এই চুক্তিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করলে বিষয়টি সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পরামর্শ সাপেক্ষে বিবেচনা করা হবে।
মুখপাত্র তাহির আন্দ্রাবি আরও বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি মূলত একটি প্রতিরক্ষামূলক কাঠামো, যার লক্ষ্য শান্তি রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এটি একটি বিকাশমান নিরাপত্তা ব্যবস্থা এবং যারা যৌথ দায়বদ্ধতার প্রতি অঙ্গীকারবদ্ধ, তাদের জন্য এই চুক্তির দরজা উন্মুক্ত। তবে তিনি উল্লেখ করেন যে, এই চুক্তির কার্যকর বাস্তবায়ন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এর আগে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে মক্কা চুক্তি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, চুক্তির সদস্যদেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে আগ্রহ দেখালে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। তিনি স্পষ্ট করেন যে, এখন পর্যন্ত বাংলাদেশকে চুক্তিতে যোগ দেওয়ার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়নি। প্রস্তাব পাওয়ার আগে চুক্তির ভালো-মন্দ নিয়ে বিস্তারিত আলোচনার সময় এখনো আসেনি বলেও তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা চুক্তি মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা এবং এটি তাদের অভ্যন্তরীণ বিষয়, তাই এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদও এই চুক্তির বিষয়ে বাংলাদেশের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিলেন।

