যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সোমবার ডিএফসির অফিসিয়াল ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হয়। এখন থেকে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প ডিএফসির অর্থায়নের জন্য বিবেচিত হবে। দক্ষিণ এশিয়ায় ডিএফসির এই বিনিয়োগ একটি স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। সংস্থাটি জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতে সহায়তা প্রদান করে, যা এই অঞ্চলে জোটকে শক্তিশালী করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে।

ডিএফসির মতে, বাংলাদেশের জন্য এই নতুন যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে বেসরকারি বিনিয়োগ কাজে লাগিয়ে দেশটির অর্থনৈতিক উন্নয়নের বিশাল চাহিদা পূরণ করা সম্ভব হবে। ডিএফসি জানিয়েছে, তাদের অর্থায়ন এবং ঝুঁকি কমানোর বিভিন্ন উপকরণ বিনিয়োগ ঘাটতি পূরণে সহায়ক হবে। যেসব প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতার মুখে পড়ত, সেগুলোকে এগিয়ে নিতে এই সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বিনিয়োগগুলো অবকাঠামোর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় ব্যবসাগুলোকে শক্তিশালী করে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। বাণিজ্যিকভাবে টেকসই অথচ অনুভূত ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে এমন প্রকল্পের ক্ষেত্রে ডিএফসির সহায়তা অত্যন্ত মূল্যবান।

ডিএফসির সিইও বেন ব্ল্যাক জানান, বাংলাদেশের এই যোগ্যতা তাদের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর করার একটি বড় সুযোগ। তিনি বলেন, এর মাধ্যমে এমন বেসরকারি বিনিয়োগকে কাজে লাগানো সম্ভব হবে যা দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধি বয়ে আনবে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি এটি বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ উন্মুক্ত করবে এবং মার্কিন কৌশলগত স্বার্থকেও এগিয়ে নেবে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে উন্মুক্ত অর্থনীতি এবং পারস্পরিক বাণিজ্যের প্রসার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সমর্থন করার বিষয়ে এটি তাদের প্রকাশ্য প্রতিশ্রুতি। তিনি আরও উল্লেখ করেন, এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং উভয় দেশের সমৃদ্ধি ত্বরান্বিত করবে।