তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

তরুণদের নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামক এই কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে দেশের আরও ৫৬টি জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে। গত রোববার (১ নভেম্বর) থেকে কেন্দ্রীয় ব্যাংক এসব জেলার সকল উপজেলার সম্ভাবনাময় তরুণদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু করে। এর আগে কর্মসূচির প্রথম পর্যায়ে আটটি জেলার তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক গত ১৩ সেপ্টেম্বর উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে এই কর্মসূচির নীতিমালা জারি করা হয়। নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার বয়স ২৮ বছরের নিচে হতে হবে।

এই কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে প্রদান করা হবে। অর্থাৎ ঋণ ও অনুদান মিলিয়ে একজন উদ্যোক্তার জন্য মোট সহায়তার পরিমাণ হবে ২০ লাখ টাকা, যা একসঙ্গেই দেওয়া হবে।

কর্মসূচির প্রথম পর্যায়ে মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা—এই আট জেলা থেকে আবেদন গ্রহণ করা হয়েছিল। এসব জেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছিল, যা বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রথম পর্যায়ের কার্যক্রমের পর এবার দেশের বাকি ৫৬ জেলায় এই কর্মসূচির কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।