ব্যাংকের পরিচালক নিয়োগে নতুন ও কঠোর নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম। ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্য কোম্পানির প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রে বিধান আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করার কথা বলা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি যদি ব্যাংকের শেয়ার কিনে প্রতিনিধি পরিচালক নিয়োগ দিতে চায়, তবে ওই ব্যক্তিকে অবশ্যই সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা পরিচালক হতে হবে। এর বাইরে অন্য কোনো পদের ব্যক্তিকে প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।

শেয়ার ধারণের ক্ষেত্রেও নতুন শর্ত যোগ করা হয়েছে। শেয়ারধারক প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি হলে তাদের পরিশোধিত মূলধনের কমপক্ষে ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা নিশ্চিত করতে হবে। কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি পরিমাণে কোনো ব্যাংকের শেয়ার কিনতে পারবে না। যদি কোনো কোম্পানি এর চেয়ে বেশি শেয়ার কিনে ফেলে, তবে আগামী ৬ মাসের মধ্যে তা নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

সার্কুলারে আরও জানানো হয়েছে, কোনো কোম্পানির মনোনীত প্রতিনিধি পরিচালকের নিয়োগ, পুনঃনিয়োগ বা পরিবর্তনের জন্য এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। এছাড়া শেয়ার ধারণের প্রামাণ্য দলিল বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। পরিচালক পদে বহাল থাকা অবস্থায় নির্ধারিত হারে দায়মুক্ত মালিকানা বজায় রাখতে হবে; অন্যথায় তার পরিচালক পদ বাতিল বলে গণ্য হবে।

ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, শেয়ারধারক কোম্পানির বিনিয়োগের সাথে আর্থিক সক্ষমতার সামঞ্জস্য রাখা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই নির্দেশনা ব্যাংকের পরবর্তী পর্ষদ সভায় উপস্থাপন করে কর্মকর্তা ও শেয়ারধারকদের অবহিত করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।