নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন কৌশলে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে রাজধানী ও এর আশপাশের এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, দলটি বর্তমানে ‘টেস্ট কেস’ হিসেবে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে এবং বড় ধরনের নাশকতার ছক নিয়ে এগোচ্ছে।
শনিবার দুপুরে ধানমণ্ডি ২৭ নম্বর রোডের বাটা শোরুমের সামনে এমনই এক ঘটনার সাক্ষী হয় এলাকাবাসী। প্রায় অর্ধশতাধিক লোক সেখানে জড়ো হয়ে পলাতক সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ছবি সম্বলিত ব্যানার প্রদর্শন করে। মাত্র ১০ সেকেন্ড স্লোগান দেয়ার পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয়। ঘটনার ৩০ সেকেন্ডের মধ্যেই তারা গলির ভেতর দিয়ে পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে। সূত্রগুলো বলছে, কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা তিন স্তরে গোপন ঘাঁটি বেঁধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। প্রথম স্তরে মেস ও ছাত্রাবাসে থাকা কর্মীরা ছাত্র, চাকরিপ্রত্যাশী বা ছোটখাটো চাকরিজীবীর ছদ্মবেশে থাকে। পুলিশের হাতে আটক হওয়া কয়েকজনের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা করে দেয়া হয়। তাদের কাছে বার্তা আসে টেলিগ্রামের গোপন গ্রুপে। দ্বিতীয় স্তরে ভাড়া বাসায় অবস্থান করছে মাঝারি সারির নেতা ও সাবেক কাউন্সিলররা, যারা এখান থেকেই নাশকতার পরিকল্পনা করছে।
গোয়েন্দারা এই ‘৩০ সেকেন্ডের মিশনকে’ দলটির নতুন গেরিলা কৌশল হিসেবে চিহ্নিত করেছেন। এই প্রক্রিয়ায় প্রথমে কিছু যুবক ব্যানার নিয়ে রাস্তায় নামে, ১০ সেকেন্ড স্লোগান ও ভিডিও ধারণ করে, এবং শেষ ১০ সেকেন্ডে ব্যানার ফেলে দ্রুত পালিয়ে যায়। এই ভিডিওগুলো পরবর্তীতে টেলিগ্রামের গোপন গ্রুপের মাধ্যমে বিদেশে পাঠানো হয়। একইভাবে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোও ৩০ সেকেন্ডের মধ্যে সম্পন্ন করে তারা মুহূর্তেই উধাও হয়ে যাচ্ছে।
গত এক সপ্তাহে রাজধানীর সুপ্রিম কোর্ট ফটক, শিল্পকলা একাডেমি, যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও, মহাখালী, নিউমার্কেট, বাবুবাজার, কমলাপুর স্টেশন, মগবাজার, মৎস্য ভবন মোড়, রামপুরা বিটিভি ভবন, কাফরুল, মিরপুর-১১, মধ্য বাড্ডা ও পল্লবীসহ ১২টি স্পটে ৩২টি ককটেল বিস্ফোরণ এবং ৯টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া কমলাপুরে ট্রেনে আগুন দেয়ার চেষ্টাও হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জে ৯ হাজার মুখোশ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে শীর্ষ নেতাদের রায় ঘোষণার পর থেকে এই তৎপরতা বেড়েছে বলে পুলিশের দাবি।
যাত্রাবাড়ীতে ৫ ককটেল বিস্ফোরণের নেতৃত্ব দেয়া বংশালের রায়হান উদ্দিন স্বীকার করেছেন, তার রাজনৈতিক গুরু মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সম্পাদক সাব্বির হোসেন ভারতীয় নম্বর থেকে নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টে ককটেল মামলায় গ্রেপ্তার মতিঝিল থানা ছাত্রলীগের সাকিব ওরফে আসিফ জানিয়েছে, তাকে নির্দেশ দিয়েছে বিদেশে পলাতক মতিঝিল থানা সভাপতি মিরাজ বিশ্বাস। গোয়েন্দা সূত্র বলছে, জুলাই অভ্যুত্থানে পতনের পর শীর্ষ থেকে তৃণমূল আত্মগোপনে গেলেও তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। তারা টেলিগ্রাম, ফেসবুক ও এনক্রিপ্টেড অ্যাপে শেখ হাসিনার বার্তা ছড়িয়ে কর্মীদের চাঙা রাখছে এবং কমিটিতে পদের প্রতিশ্রুতি দিয়ে হামলা করাচ্ছে। নাশকতা ঠেকাতে ডিবি’র প্রতিটি বিভাগকে ১০-১২ জন অর্থদাতার তালিকা দেয়া হয়েছে।
এই পরিস্থিতি সামলাতে পুলিশ ও গোয়েন্দা বিভাগে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। অনেক কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকজনকে সরিয়ে দেয়া হয়েছে। বিদেশে পলাতক অর্ধশত নেতাকে নজরদারিতে রাখা হয়েছে এবং দেশে থাকা অর্থদাতা ও সমন্বয়কারীদের ধরতে ডিবি তৎপরতা বাড়িয়েছে। আটককৃতদের জবানবন্দি অনুযায়ী, বিদেশে থাকা নেতাদের নির্দেশে এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে এসব নাশকতা চালানো হচ্ছে।
পুলিশের সূত্রগুলো বলছে, আটক এক কর্মীর জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ভিডিও পাঠাতে পারলেই টাকা। বিদেশে থাকা একটি টেলিগ্রাম গ্রুপে ককটেল বিস্ফোরণের ভিডিও পাঠালে প্রতি ভিডিও’র জন্য তিন থেকে পাঁচ হাজার টাকা বিকাশ ও নগদে আসে। কোনো কোনো ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত দেয়া হয়। এই লোভেই তৃণমূলের কর্মীরা ঝুঁকি নিচ্ছে। গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অন্তত ৩০-৪০ জন সাবেক ঠিকাদার, পরিবহন ব্যবসায়ী, বাজার কমিটির নেতা ও ব্যাংক খাতের সুবিধাভোগী ব্যবসায়ী এই নেটওয়ার্কে অর্থ ঢালছে। গোয়েন্দারা এসব অর্থদাতাদেরকে খুঁজছে।

