রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোরের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশান প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ, কর্মী সজল আহমেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিরা ওই রেস্তোরাঁয় বসে আরও কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর চৌগাছা উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন নিয়ে আলোচনা করছিলেন। বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ছয়জনকে আটক করতে সক্ষম হয়। বর্তমানে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন গুলশান থানার ওসি।

