‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর পূর্ণাঙ্গ প্রতিবেদন পর্যালোচনা এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির মূল দায়িত্ব হবে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা এবং পরবর্তী করণীয় সম্পর্কে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশমালা পেশ করা। প্রয়োজনে এই কমিটি নতুন সদস্যকেও অন্তর্ভুক্ত করতে পারবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, কমিটির সভাগুলো প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কার্যক্রম পরিচালনার জন্য অর্থ বিভাগ কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

