সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু করলেন আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়নের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দীর্ঘদিনের নেতিবাচক ধারণা দূর করতে প্রথমবারের মতো লটারি পদ্ধতি চালু করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে বদলি কার্যক্রমের লটারি পদ্ধতির উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের বদলি নিয়ে দীর্ঘদিন ধরে নানা নেতিবাচক ধারণা রয়েছে। ঢাকার পোস্টিংকে অনেকে ‘প্রাইজ পোস্টিং’ মনে করেন। যেসব এলাকায় সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ রয়েছে, সেসব ভাঙতেই লটারি পদ্ধতির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কোনো প্রকার বৈষম্য ছাড়াই স্বচ্ছতা নিশ্চিত হবে বলে তিনি জানান।

বর্তমানে সারা দেশে ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রার কর্মরত রয়েছেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ঢাকা জেলার ১৮টি গুরুত্বপূর্ণ স্টেশনের জন্য ১৮ জন কর্মকর্তাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। আইনমন্ত্রী জানান, নির্বাচিত কর্মকর্তাদের কর্মদক্ষতা, মানসিক চাপ সামলানোর ক্ষমতা এবং সংশ্লিষ্ট স্টেশনের সার্বিক প্রয়োজন বিবেচনা করে চূড়ান্ত পদায়ন দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আদেশ জারি করা হবে।

মন্ত্রী আরও বলেন, দায়িত্ব পাওয়ার পর সার্ভিস রুল অনুযায়ী সততার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের দুর্নীতিতে যুক্ত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। পর্যায়ক্রমে অন্যান্য ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে পরিচিত জায়গাগুলোতেও এই লটারি পদ্ধতি চালু করা হবে।

বর্তমানে দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার দায়িত্বরত রয়েছেন এবং ১৩৯টি পদ শূন্য আছে। শূন্য পদগুলোতে দ্রুত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেওয়া হবে বলে জানান মন্ত্রী। এছাড়া পদায়নকৃতদের কার্যক্রম সার্বক্ষণিক তদারকিতে রাখা হবে। অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম, মো. খাদেম উল কায়েস এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।