জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী চার্লি চৌহান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রামান দীপ সিংয়ের সঙ্গে। গত শুক্রবার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে পাঞ্জাবি রীতি মেনে একটি গুরুদ্বারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই বিশেষ দিনে নবদম্পতির পাশে ছিলেন তাদের পরিবারের সদস্যরা এবং রামান দীপের সতীর্থ ক্রিকেটার আর্শদীপ সিং, নামান ধীর, অশ্বিনী কুমার ও জসসিন্দর সিংয়ের মতো তারকারা।
বিয়ের পর অভিনেত্রী চার্লি চৌহান তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের ছবি পোস্ট করে লিখেছেন, 'আমাদের আট বছরের পথচলা, অবশেষে চিরদিনের জন্য।' দীর্ঘ সময় ধরে নিজেদের সম্পর্ক লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন এই দম্পতি। বিয়ের অনুষ্ঠানে রামান দীপকে ক্রিম রঙের কারুকাজ করা শেরওয়ানি ও মেরুন পাগড়িতে দেখা যায়। অন্যদিকে, চার্লি চৌহান মেরুন রঙের ঐতিহ্যবাহী লেহেঙ্গা এবং ভারি গহনায় নিজেকে সাজিয়েছিলেন।
বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর ক্রিকেট ও বিনোদন জগতের অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন, যার মধ্যে রয়েছেন ভারতীয় ক্রিকেটার শুভমান গিল। রামান দীপ সিং বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন এবং ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য ছিলেন তিনি। ২০১৬-১৭ মৌসুমে পাঞ্জাবের হয়ে আন্তঃরাজ্য টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে তার ক্রিকেটে যাত্রা শুরু হয়।
অন্যদিকে, চার্লি চৌহান মূলত ‘কাইসি ইয়ে ইয়ারিয়াঁ’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। এছাড়া তাকে ‘রোডিজ’, ‘বেস্ট ফ্রেন্ডস ফরএভার’, ‘প্যায়ার তুনে কিয়া কিয়া’ ও ‘নাচ বালিয়ে ৫’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানে দেখা গেছে। একসময় অভিনেতা ও নৃত্যশিল্পী কুনওয়ার অমরের সঙ্গে তার সম্পর্ক থাকলেও পরে তা ভেঙে যায়।

