চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করল বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত ব্যবহার করে একজন পুরুষ ও দুইজন নারীকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তৎপরতায় এই অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৯ আগস্ট) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর গেট দিয়ে ওই তিন ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। মাধবখালী বিওপির টহল দলের সদস্যরা বিষয়টি লক্ষ্য করলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করেন।

বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যলাইন থেকে পিছিয়ে ভারতের অভ্যন্তরে প্রায় ৪০ গজ দূরে অবস্থান নেন। এরপর ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা আবার ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান। সবশেষে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা গেট খুলে তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে যান।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বিজিবির কঠোর অবস্থানের কারণে অবৈধ পুশ-ইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে ইতোমধ্যে ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে অবহিত করা হয়েছে।