আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

আজ সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ফল ঘোষণা করবেন।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা বেশ কয়েকটি মাধ্যমে তা জানতে পারবে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থী ও অভিভাবকরা ফলাফল সংগ্রহ করতে পারবেন।

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট (https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd) ভিজিট করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পাবে। এছাড়াও শিক্ষার্থী যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, সেই বোর্ডের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল যাচাই করা সম্ভব।

মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল পেতে যেকোনো অপারেটরের নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এক্ষেত্রে এসএমএস ফরম্যাট হবে: SSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা সংবাদপত্র অফিসে সরাসরি কোনো ফলাফল পাওয়া যাবে না।

প্রকাশিত ফলাফলে কেউ অসন্তুষ্ট হলে বা কাঙ্ক্ষিত ফল না পেলে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের সুযোগ রয়েছে। এজন্য আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে।

উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা ২০ মে শেষ হয় এবং দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও, এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফলাফল প্রকাশিত হচ্ছে।