সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে গ্রেপ্তার ‘ভাইরাল মিজান’

মাত্র ১০০ টাকায় গরুর মাংস ও ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজানকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সরকারি কাজে বাধা প্রদানসহ সংশ্লিষ্ট অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম পরিচালনা করছিল। এই ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত হন।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম আরও বলেন, ওই সময় মিজানুর রহমান কর্মকর্তাদের ওপর চড়াও হন। এ সময় তিনি সিটি কর্পোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের ওপর আঘাত করেন। এই ঘটনার পর তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সরকারি কাজে বাধা প্রদানসহ সংশ্লিষ্ট অপরাধের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।