কঙ্গনা রানাউতের মন্তব্যে তোপ দাগলেন রাখি সাওয়ান্ত

গ্ল্যামার দুনিয়ায় বিতর্কের ঝড় ওঠা নতুন কিছু নয়, তবে যখন বলিপাড়ার দুই আলোচিত তারকা মুখোমুখি অবস্থান নেন, তখন তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। জেন-জি প্রজন্ম এবং আন্দোলনকারী ছাত্রীদের নিয়ে অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউতের সাম্প্রতিক এক বিস্ফোরক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র উত্তাপ তৈরি হয়েছে।

কঙ্গনা রানাউত তরুণীদের রিলস ও বিক্ষোভকে 'বমি আনার মতো কুৎসিত' বলে আখ্যায়িত করেছেন। আন্দোলনকারী নারীদের 'জেনারেশন গাটার' হিসেবে বর্ণনা করে তিনি মন্তব্য করেন যে, তারা ঐতিহ্যগত মূল্যবোধ হারিয়ে ভালো গৃহিণী হওয়ার যোগ্যতাও হারিয়ে ফেলেছেন। ভারতীয় গণমাধ্যম আজকালের প্রতিবেদনে উঠে এসেছে যে, কঙ্গনার এই বিষোদ্গারপূর্ণ মন্তব্যের পর নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে।

সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন বলিউডের 'ড্রামা কুইন' রাখি সাওয়ান্ত। কঙ্গনার উদ্দেশে একটি বিস্ফোরক ভিডিও পোস্ট করে রাখি তাকে সরাসরি 'ডাইনি' বলে সম্বোধন করেন। নিজের এই বেলাগাম আক্রমণের জন্য রাখি বরাবরই সমালোচিত, তবে কঙ্গনার প্রতি তার এই কঠোর ভাষা বিনোদনপ্রেমীদের অবাক করেছে। ভিডিওতে রাখি কঙ্গনাকে 'ফাউল মাউথ' বা কদর্য ভাষার অধিকারী হিসেবে অভিহিত করেছেন।

রাখি সাওয়ান্ত বিমানবন্দরে কঙ্গনার চড় খাওয়ার ঘটনাটি স্মরণ করিয়ে দিয়ে বলেন, কড়া নিরাপত্তাবেষ্টনী আছে বলেই কঙ্গনা এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছেন। রাখির মতে, কঙ্গনা যদি নিরাপত্তাহীনভাবে একা জনসমক্ষে বের হন, তবেই তিনি দেশের তরুণ প্রজন্মের আসল শক্তির পরিচয় পাবেন। একই সঙ্গে সংসদে বসে দেশের নারীদের ছোট করার অধিকার কঙ্গনাকে কে দিয়েছে, সেই প্রশ্ন তুলেছেন রাখি। অতীতের দিকে না তাকিয়ে দেশের মেয়েদের অপমান করার যোগ্যতা কঙ্গনার নেই বলেও মন্তব্য করেন তিনি। বলিউডের এই দুই তারকার কাদা ছোড়াছুড়ি এখন নেটপাড়ায় আলোচনার তুঙ্গে, আর এখন সবার নজর কঙ্গনা পাল্টা কী জবাব দেন তার দিকে।