রাজধানীর মগবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী রিয়াদ হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই মৃত্যুর মধ্য দিয়ে গত রোববারের সেই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় রিপন (৪০) নামের এক পথচারীও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ ও আনোয়ার জানান, দ্রুতগতির কাভার্ড ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল, সিএনজি ও পিকআপভ্যানসহ বেশ কয়েকটি গাড়িকে চাপা দেয়। এতে জামান আহমেদ, রিয়াদ হোসেন ও পথচারী রিপন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে রাত ১২টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জামান আহমেদকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৫০ মিনিটের দিকে রিয়াদ হোসেনও মারা যান।
নিহত জামান আহমেদ ও রিয়াদ হোসেনের বাড়ি নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকির পাড়া গ্রামে। জামান ইলিয়াস ফকিরের ছেলে এবং রিয়াদ লিয়াকত ফকিরের ছেলে। আহত পথচারী রিপন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গলতলী গ্রামের মোতালেব সরদারের ছেলে এবং তিনি বর্তমানে ঢাকার লালবাগের ইসলামাবাদ ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় থাকতেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্র্যান্ড প্লাজার সামনে কাভার্ড ভ্যানের চাপায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন, যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

