চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার দায়ে সবুজ শেখ নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী। দণ্ডপ্রাপ্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার কাছেদ আলীর ছেলে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, সবুজ শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে তিনি একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের কথা বলে চাঁদা দাবি করেন। তাঁর আচরণ সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) তাঁর পরিচয় এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের বিষয়ে জানতে চান। জিজ্ঞাসাবাদে সবুজ শেখ কথিত পত্রিকার সম্পাদকের নামসহ প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারেননি। একপর্যায়ে তিনি ভুয়া সাংবাদিক পরিচয়ে অফিসে আসার বিষয়টি স্বীকার করেন।
পরে বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে সবুজ শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা অপর একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী জানান, সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা দাবি ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর কাছ থেকে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি পরিচয়পত্র পাওয়া গেছে।

