উচ্চ আদালতে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

উচ্চ আদালতে সরকারের পক্ষে আইনি কার্যক্রম ও মামলা পরিচালনার জন্য নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন এই নিয়োগের পাশাপাশি আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করেছে সরকার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও. নং ৬ অব ১৯৭২)’–এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করবেন। নবনিযুক্ত এসব আইন কর্মকর্তা উচ্চ আদালতে সরকারের পক্ষে বিভিন্ন মামলা ও আইনি কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।