আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা বর্তমানে যুগ্ম সচিব পদমর্যাদার এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। বিধি অনুযায়ী, তারা অবসরজনিত সব ধরনের সরকারি সুবিধা প্রাপ্ত হবেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন এসব জেলা প্রশাসককে অবসরে পাঠানোর সিদ্ধান্তের বিষয়টি সরকারি প্রজ্ঞাপনে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

