২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ আয়োজক শহর চূড়ান্ত

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ১২টি আয়োজক শহর চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে ফিরতে যাওয়া এই মেগা আসরের সহ-আয়োজক হিসেবে থাকছে নামিবিয়াও। ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মোট ৫৪টি ম্যাচের বেশির ভাগই আয়োজন করা হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে।

দক্ষিণ আফ্রিকার যে শহরগুলোতে খেলাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো হলো— জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন। আর বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়ান্ডারার্স অথবা নিউল্যান্ডস স্টেডিয়ামে। অন্যদিকে, জিম্বাবুয়ের তিনটি শহর— হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলসে ৭ থেকে ১০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া নামিবিয়ার উইন্ডহকে অন্তত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজক শহরগুলোর মধ্যে অন্যতম নতুন সংযোজন হলো জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলস। আগামী ঘরোয়া মৌসুমের ম্যাচগুলো এই ভেন্যুতে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৭ সালের শুরুর দিকে একটি আন্তর্জাতিক ম্যাচের মধ্য দিয়ে স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।

মূল পর্বের আগে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুম শহর দুটিকে প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে। তাছাড়া নামিবিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজক হিসেবেও ব্যবহৃত হতে পারে এই দুটি শহর। আগামী বছরের শুরুর দিকে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কারণ ওই সময়ে দক্ষিণ আফ্রিকার প্রধান ছয়টি স্টেডিয়াম— ওয়ান্ডারার্স, সুপারস্পোর্ট পার্ক, নিউল্যান্ডস, কিংসমিড, সেন্ট জর্জেস পার্ক ও বোল্যান্ডে দেশটির ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ ‘এসএ২০’ (SA20) অনুষ্ঠিত হবে।