এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক জলবায়ু নীতি নিয়ে কাজ করা একজন নেপালি নাগরিক হিসেবে, নেপালের বিভিন্ন উপত্যকায় আঘাত হানা আকস্মিক বন্যার তাণ্ডব দেখে আমি ক্ষুব্ধ না হয়ে পারছি না। বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে সতর্ক করেছিলেন যে পৃথিবী উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ আরও ঘন ঘন, হিংস্র ও অপ্রত্যাশিত হয়ে উঠবে। আজকের এই ভয়াবহ বিপর্যয় মূলত বিশ্বনেতাদের জলবায়ু পদক্ষেপ গ্রহণের দীর্ঘসূত্রতারই চরম মাশুল।
এই দুর্যোগ কেবল ব্যবস্থার ত্রুটি নয়, বরং জলবায়ু সংকটের আসল চিত্রটি উন্মোচিত করেছে। বর্তমানে আমাদের হাতে থাকা প্রযুক্তি হিমালয় অঞ্চলের নতুন মাত্রার বিপর্যয় শনাক্ত করতে একেবারেই অপ্রতুল। উদাহরণস্বরূপ, ভোটেকোশি উপত্যকার সতর্কীকরণ ব্যবস্থার কথা বলা যায়। সেখানে নদীর পানি বাড়ার হিসাব মাপার জন্য যে প্রযুক্তি ছিল, তা পাথর ও কাদা মেশানো বরফের সেই বিশাল স্রোত আসার আগেই চুরমার হয়ে গেছে। হিমবাহ ধসে পড়ার ফলে নদীর গতিপথ সাময়িকভাবে অবরুদ্ধ হয় এবং পরে বাঁধ ভেঙে তীব্র বেগে নিচে নেমে আসে। কর্তৃপক্ষ যখন খবর পেয়ে ভাটির এলাকায় সতর্কতা জারি করে, তখন উৎসস্থলের কাছের জনপদগুলোর জন্য আর কোনো সময় অবশিষ্ট ছিল না। এর অর্থ এই নয় যে সতর্কীকরণ ব্যবস্থা অপ্রয়োজনীয়, বরং আমাদের এই ব্যবস্থার সীমাবদ্ধতা সম্পর্কে সত্যনিষ্ঠ হতে হবে।
ভোটেকোশি নদীর তীরের সাধারণ মানুষ হিমালয় উত্তপ্ত করেনি কিংবা জীবাশ্ম জ্বালানিভিত্তিক অর্থনীতিও বেছে নেয়নি। অথচ তাদেরই আজ এই সংকটের চরম মূল্য দিতে হচ্ছে। নেপালসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো পরিকাঠামো মজবুত করার চেষ্টা করলেও, ঐতিহাসিক কার্বন নিঃসরণকারী ধনী দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাচ্ছে না। বৈশ্বিক কার্বন নিঃসরণে নেপালের অবদান শূন্য দশমিক ১ শতাংশের কম হলেও, না করা অপরাধের মাশুল গুনতে হচ্ছে দেশটিকে।
ক্ষয়ক্ষতি তহবিল কোনো ‘দান’ নয়, বরং সংকটের বলির পাঁঠা হওয়া মানুষদের কাছে এটি উন্নত বিশ্বের ঐতিহাসিক বাধ্যবাধকতা। অভিযোজনেরও নিজস্ব সীমা রয়েছে; তাই কেবল অভিযোজন করে সব বিপর্যয়ে টিকে থাকা সম্ভব নয়। জীবাশ্ম জ্বালানি থেকে লাভবান হওয়া ধনী দেশগুলোর দায়িত্ব কার্বন নিঃসরণ দ্রুত কমানো। কয়লা, তেল ও গ্যাস ছেড়ে নবায়নযোগ্য শক্তিতে উত্তরণ কোনো দয়া নয়, বরং এটি বৈশ্বিক ন্যায়বিচারের দাবি। বিপুল মুনাফা অর্জনকারী জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোকে এই দায় থেকে আলাদা করা যাবে না।
নেপালের জন্যও এখানে শিক্ষা রয়েছে। জলবায়ু সংকট তৈরি করা অর্থনৈতিক মডেলকে ‘উন্নয়ন’ ভেবে অনুকরণ করা ঠিক হবে না। নেপালের সামনে সম্পদ শোষণের বদলে মানুষ, জীবিকা ও পরিবেশগত সহনশীলতাকে অগ্রাধিকার দিয়ে বিকল্প পথ বেছে নেওয়ার সুযোগ রয়েছে। ঝুঁকিপূর্ণ দেশগুলোকে দুর্যোগ থেকে ঘুরে দাঁড়াতে ঋণ নিতে বাধ্য করা কোনোভাবেই ন্যায়সংগত নয়। ধনী দেশগুলোর পাপের মাশুল দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর সীমিত সম্পদ বারবার মেরামত কাজে নষ্ট হতে পারে না, তাই তারা ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছে।

