শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য এবং মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার স্কুল ও কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, এখন থেকে নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক করা হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবেই নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলকভাবে নিতে হবে।
শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের দক্ষ হওয়ার পাশাপাশি খেলাধুলা, ভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার দিকেও নজর দিতে হবে। তিনি শিক্ষার্থীদের মাতৃভাষার বাইরেও অন্তত একটি বাড়তি ভাষা শেখার আহ্বান জানান। এই উদ্যোগের আওতায় ইংরেজি, মান্দারিন এবং জাপানিজসহ ছয় থেকে সাতটি ভাষার মধ্য থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবে।
পরিবেশ সুরক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ ভালো থাকলে লাভ আমাদের সবার। এ সময় তিনি বৃক্ষরোপণে উৎসাহিত করে পরামর্শ দেন যে, শিক্ষার্থীরা যেন তাদের আপনজনদের জন্মদিনে উপহার হিসেবে গাছ দেয়। এছাড়া প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব, তাই তাদের প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে।
সংসদ ভবন পরিদর্শনের সময় শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এছাড়া তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, খেলাধুলা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা তৈরিতে শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।

