উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র স্মৃতিবিজড়িত স্থানগুলো উপযুক্ত সংরক্ষণ ও পরিচর্যার অভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে অবস্থিত এই মহান সাধকের পৈতৃক ভিটা ও পারিবারিক সম্পত্তি রক্ষায় কার্যকর উদ্যোগ না থাকায় তা বেদখল ও বিনষ্ট হতে বসেছে। দীর্ঘদিন ধরে এখানে একটি আন্তর্জাতিক মানের সংগীত প্রশিক্ষণ কেন্দ্র কিংবা স্মৃতি জাদুঘর গড়ে তোলার জোরালো দাবি থাকলেও তা বাস্তবে রূপ নেয়নি। এমনকি সরকারি বা বেসরকারি পর্যায়ে এই প্রবাদপুরুষের জন্ম ও মৃত্যু দিবস পালনেও দেখা গেছে চরম উদাসীনতা।
১৮৬২ সালের ৮ অক্টোবর নবীনগরের শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তার ডাকনাম ছিল আলম, বাবার নাম সবদর হোসেন খাঁ ওরফে সদু খাঁ এবং মায়ের নাম সুন্দরী খানম। বিশ্বমঞ্চে শাস্ত্রীয় সংগীতকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এই সাধক পদ্মভূষণ ও দেশীকোত্তমসহ বহু দেশি-বিদেশি সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি বিখ্যাত মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা এবং পণ্ডিত রবিশঙ্কর ও ওস্তাদ আলী আকবর খানের মতো বিশ্ববরেণ্য সংগীতশিল্পীদের গুরু। তার অসামান্য অবদানের কারণেই ব্রাহ্মণবাড়িয়া 'সংস্কৃতির রাজধানী' হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৭১ সালে পণ্ডিত রবিশঙ্কর ও আলী আকবর খানের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 'কনসার্ট ফর বাংলাদেশ' দেশের স্বাধীনতা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সুরসম্রাটের সংগীতে হাতেখড়ি হয়েছিল তার বড় ভাই আধ্যাত্মিক সাধক ও বহুমাত্রিক বাদ্যযন্ত্রশিল্পী আফতাব উদ্দিন খাঁ-র কাছে, যিনি ছিলেন ময়লা গানের বিখ্যাত সুরকার। পাঁচ ভাই—সোনাউদ্দিন খাঁ, আফতাব উদ্দিন খাঁ, আলাউদ্দিন খাঁ, নায়েব আলী খাঁ এবং আয়েত আলী খাঁ-র মধ্যে এই পরিবারের তিনজনই শাস্ত্রীয় সংগীতে বিশেষ খ্যাতি অর্জন করেন। শিবপুর গ্রামে আলাউদ্দিন খাঁ-র মা-বাবা ও বড় ভাই আফতাব উদ্দিনের কবর রয়েছে। পরবর্তীতে ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর ভারতের মধ্যপ্রদেশের মাইহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সুরসাধক এবং সেখানেই তাকে দাফন করা হয়।
সম্প্রতি নীরবে পার হয়ে গেছে এই ক্ষণজন্মা সাধকের ১৬৪তম জন্মবার্ষিকী। জাতীয় বা স্থানীয় পর্যায়ে বড় কোনো কর্মসূচি না থাকলেও কেবল স্থানীয় সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, ওস্তাদ আলাউদ্দীন খাঁ স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন জানান, নবীনগরে বহু বছর ধরে ৮ অক্টোবর ওস্তাদজির জন্মদিন পালন করা হয়ে আসছে এবং এবারও মসজিদে দোয়া করানো হয়েছে। সরকারি পর্যায়ে এই দিবস পালন না হওয়া এবং জন্মভূমিতে তার প্রতি এমন অবহেলা অত্যন্ত বেদনাদায়ক বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
স্মৃতি সংরক্ষণের ক্ষেত্রে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা কোনো পরিণতি পায়নি। আশির দশকে শিবপুরে 'আলাউদ্দিন পল্লি' গড়ার লক্ষ্যে জেলা প্রশাসকের নামে ২২ শতক জমি রেজিস্ট্রি করে দেওয়া হলেও প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনাও কেবল পরিদর্শনের নথিতে আটকে আছে। ১৮৯৮ সালের ৭ মার্চ আলাউদ্দিন খাঁ-র নিজ হাতে নির্মিত খাঁ পাড়া জামে মসজিদটি সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে। তাছাড়া ২০১৫ সালে দুষ্কৃতকারীদের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুরসম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ও জাদুঘরটি পুড়ে ছাই হয়ে যাওয়ার পর থেকে ইতিহাস সংরক্ষণে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। স্থানীয় অনেক স্কুলপড়ুয়া শিক্ষার্থীও এখন সুরসম্রাটের সঠিক ইতিহাস সম্পর্কে জানে না।
সরকারিভাবে জন্মদিন পালন না করার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবু সাঈদ জানান, সুরসম্রাট আলাউদ্দিন খাঁ একাডেমির সঙ্গে আলোচনা করে জানা গেছে, ওস্তাদজির সুনির্দিষ্ট কোনো জন্ম তারিখের সর্বসম্মত নথি তাদের কাছে নেই। অপরদিকে, শিবপুরে জাদুঘর বা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের অগ্রগতি বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল স্থান পরিদর্শন করে গেছে এবং উপজেলা প্রশাসন তাদের সব ধরনের সহযোগিতা করেছে। তবে এরপর আর কোনো নতুন আপডেট তথ্য তাদের জানা নেই, মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলেই প্রয়োজনীয় দায়িত্ব পালন করা হবে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সাংবাদিক নেতারা ওস্তাদজির স্মৃতি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরজু বলেন, ওস্তাদ আলাউদ্দিন খাঁ কেবল নবীনগর বা ব্রাহ্মণবাড়িয়ার নন, তিনি পুরো উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের এক উজ্জ্বল ধ্রুবতারা। তাকে অবহেলা করা মানে নিজেদের সাংস্কৃতিক শিকড়কে অস্বীকার করা। নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার ও বর্তমান সভাপতি হোসেন শান্তি উদ্বেগ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষের সমন্বয়হীনতা ও আন্তরিকতার অভাবেই ঐতিহ্য সংরক্ষণের কাজ বিলম্বিত হচ্ছে। শিবপুরের জন্মভিটায় একটি পূর্ণাঙ্গ মিউজিক একাডেমি ও স্মৃতি জাদুঘর গড়ে তোলা হলে দেশ-বিদেশের গবেষক ও শিল্পীরা উপকৃত হবেন এবং নতুন প্রজন্মও সঠিক ইতিহাস জানতে পারবে।

