সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে মুঠোফোনে একটি অ্যাপ ইনস্টল করেছিলেন রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা জবা (ছদ্মনাম)। অ্যাপটি ইনস্টল করার পরপরই তাঁর মোবাইল আর্থিক সেবা (এমএফএস) অ্যাকাউন্টে ১ হাজার ৬২৫ টাকা জমা হয়। বিষয়টিকে কারও ভুল মনে করে তিনি তেমন গুরুত্ব দেননি। তবে এর ঠিক পাঁচ দিন পরই ঘটনা নতুন মোড় নেয়। একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করে দাবি করা হয়, জবা অ্যাপটি থেকে ঋণ নিয়েছেন এবং সুদসহ তা এখন ২ হাজার ৫০০ টাকা হয়েছে।
জবা ঋণ নেওয়ার কথা সরাসরি অস্বীকার করলে শুরু হয় অকথ্য গালিগালাজ ও সামাজিক নিগ্রহের হুমকি। ওই চক্রটি জবাকে তাঁর ব্যক্তিগত তথ্য দেখিয়ে ভয় দেখায় যে, তাঁকে ও তাঁর মেয়েকে সামাজিকভাবে হেয় করা হবে এবং ফেসবুকে যুক্ত থাকা স্বজনদের কাছে তাদের আপত্তিকর ছবি ও তথ্য পাঠানো হবে। তখন ভুক্তভোগী বুঝতে পারেন, অজান্তেই তাঁর ও পরিবারের সদস্যদের ব্যক্তিগত গোপনীয়তা ওই চক্রের হাতে চলে গেছে। গত এপ্রিলে জবা এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ তদন্তে নেমে অন্য একটি মামলায় জড়িত সংঘবদ্ধ একটি সাইবার অপরাধী চক্রকে গ্রেপ্তার করে। কর্মকর্তারা জানান, কৌশল খাটিয়ে সাধারণ মানুষের ছবি ও তথ্য সংগ্রহ করে সম্মানহানির ভয় দেখিয়ে টাকা আদায় করাই এদের মূল পেশা।
সাইবার অপরাধীদের মূল লক্ষ্য এখন মানুষের ব্যক্তিগত ছবি, তথ্য ও সামাজিক পরিচয় জিম্মি করা। ভুক্তভোগীদের একাংশ মানসম্মানের ভয়ে টাকা দিতে বাধ্য হচ্ছেন, আর কেউ কেউ পড়ছেন পারিবারিক ও সামাজিক চরম সংকটে। এমনই এক ঘটনার শিকার রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলি (ছদ্মনাম)। সম্প্রতি পারিবারিকভাবে তাঁর বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়ির স্বজনদের কাছে তাঁর কিছু ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে পাঠাতে শুরু করে এক ব্যক্তি। এতে দুই পরিবারের মধ্যে চরম বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সংসার ভাঙার উপক্রম হয়। বেলি নিশ্চিত হন যে তাঁর প্রাক্তন প্রেমিক এ কাজ করছেন। অনুরোধ করলেও তিনি থামেননি, বরং ছবিগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে পুলিশের সহায়তায় অভিযুক্ত যুবককে আইনি ব্যবস্থার ভয় দেখালে তিনি হয়রানি বন্ধ করেন। পুলিশ জানায়, ব্যক্তিগত ছবি বা ভিডিও হাতাতে পারলে অপরাধীরা ভুক্তভোগীকে আরও আপত্তিকর কনটেন্ট তৈরিতে বাধ্য করে এবং পরে তা বিভিন্ন পর্নোগ্রাফিক সাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়।
ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সাইবার অপরাধের মোট ১ হাজার ৯৫৭টি লিখিত অভিযোগ এসেছে। এর মধ্যে ব্যক্তিগত ছবি ছড়িয়ে হয়রানি, ব্ল্যাকমেল ও অপপ্রচারের অভিযোগই ৭১৩টি, যা মোট প্রাপ্ত অভিযোগের ৩৬ দশমিক ৪৩ শতাংশ। সুনির্দিষ্টভাবে ব্যক্তিগত ছবি ছড়িয়ে হয়রানির অভিযোগ এসেছে ১৯৮টি, সরাসরি ব্ল্যাকমেলের ১৬৬টি এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার ও মানহানির অভিযোগ ৩৪৯টি।
শুধু ছবি কেন্দ্রিক ব্ল্যাকমেলই নয়, ঋণ, চাকরি ও কেনাকাটার লোভ দেখিয়ে অনলাইন আর্থিক প্রতারণাও সমানতালে চলছে। ‘সেনা কল্যাণ অনলাইন ফাউন্ডেশন’ নামের একটি ভুয়া ফেসবুক পেজে টিসিবির মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে পণ্য দেওয়ার প্রলোভন দেখে যোগাযোগ করেছিলেন কলাবাগানের এক বাসিন্দা। হোয়াটসঅ্যাপে আলোচনার পর অগ্রিম বাবদ এমএফএস প্ল্যাটফর্মে ৩৫ হাজার ৪০০ টাকা পাঠান তিনি। টাকা পাওয়ার পর সব যোগাযোগ বন্ধ করে দেয় চক্রটি। সাইবার সাপোর্ট সেন্টারের তালিকায় ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার ৯২টি, সেবা বা পণ্য বিক্রির নামে ৮৮টি, ঋণ ও বিনিয়োগের প্রলোভনে ৫৬টি এবং চাকরির আশ্বাসে ৪১টি অভিযোগ নথিবদ্ধ হয়েছে। এ ছাড়া হানিট্র্যাপ, ডার্ক ওয়েব, নিখোঁজসংক্রান্ত ও অবৈধ বাজার পরিচালনা সংক্রান্ত অভিযোগ এসেছে ৯৫টি।
অপরাধের শিকার হলেও অনেক ভুক্তভোগী আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা ও সামাজিক লজ্জার ভয়ে আনুষ্ঠানিক মামলা করতে চান না। গত ২৫ আগস্ট রাতে ভাটারা এলাকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী দেলোয়ার হোসেনের (১৯) মুঠোফোন নিজে থেকেই আপডেট হতে থাকে। কোনো ওটিপি বা পিন নম্বর দেওয়া ছাড়াই তাঁর এমএফএস অ্যাকাউন্ট থেকে ৬ হাজার ৯০০ টাকা (যার মধ্যে ৯০০ টাকা ঋণ নেওয়া) অন্য নম্বরে চলে যায়। তিনি ভাটারা থানায় জিডি করলেও পরে মামলা করতে গিয়ে আইনি জটিলতা ও খরচের কথা চিন্তা করে পিছিয়ে আসেন। পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধীরা সাধারণত অন্যের নামে কেনা সিম ও এমএফএস অ্যাকাউন্ট ব্যবহার করে অল্প অল্প করে টাকা হাতিয়ে নেয়। ফলে তাদের সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, আর ভুক্তভোগীরাও ছোট অঙ্কের ক্ষতির কারণে মামলায় আগ্রহ দেখান না।
ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার (দক্ষিণ বিভাগ)-এর যুগ্ম পুলিশ কমিশনার সৈয়দ হারুন অর রশীদ প্রথম আলোকে জানান, অধিকাংশ সাইবার অপরাধ ঘটার পেছনে ব্যবহারকারীদের অসচেতনতাই প্রধান কারণ। ভুক্তভোগীদের বড় অংশই মামলা বা দীর্ঘ আইনি পদক্ষেপের চেয়ে খোয়া যাওয়া টাকা উদ্ধার অথবা আপত্তিকর কনটেন্ট সরানোর অনুরোধ করেন। ক্ষতির পরিমাণ বেশি হলেই কেবল মামলা দায়ের করা হয়, যা জিডির তুলনায় খুবই কম।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের প্রথমা আলোকে বলেন, দুর্বল পাসওয়ার্ড ব্যবহার, ব্যক্তিগত তথ্য ও ছবি অসতর্কভাবে শেয়ার করা, ভুয়া আইডির ওপর বিশ্বাস এবং হ্যাকিংয়ের কারণে এসব ঘটনা বাড়ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও সাজা নিশ্চিত না করাও অপরাধ বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ। তিনি ভুক্তভোগীদের আতঙ্কিত না হয়ে অপরাধীদের ব্ল্যাকমেলে সাড়া না দেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে ডিজিটাল প্রমাণের জন্য স্ক্রিনশট ও লিংক সংরক্ষণ করে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান। পাশাপাশি সাইবার অপরাধ দমনে পুলিশের দ্রুত আইনি পদক্ষেপ, কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের গোপনীয়তা রক্ষার ওপর তিনি জোর দেন।

