বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঠাকুরগাঁওয়ের সমতলের চা–বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন। সোমবার দুপুরে তিনি তাঁর স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে নিটোলডোবা এলাকার চা–বাগান ও এর আশপাশের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
বেলা দুইটার দিকে রাষ্ট্রদূত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউনিয়নের নিটোলডোবা গ্রামের গ্রিন ফিল্ড টি স্টেটে পৌঁছান। সেখানে তিনি চা–বাগানের শ্রমিক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে চা–পাতা উৎপাদনের পুরো প্রক্রিয়াটি সম্পর্কে ধারণা নেন। পরিদর্শনের এক পর্যায়ে রাষ্ট্রদূত নিজেই মাথায় মাথাল পরে চা–পাতা তোলার কাজে অংশ নেন।
নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এটিই তাঁর প্রথম সফর। এর আগে তিনি কেবল পাহাড়ি ঢালের চা–বাগান দেখেছেন, তাই সমতলে এমন বাগান দেখা তাঁর জন্য একটি নতুন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। তিনি চা শ্রমিকদের দক্ষতার প্রশংসা করে বলেন, তাঁরা যে গতিতে হোয়াইট টি, গ্রিন টি কিংবা ব্ল্যাক টি আলাদা করে কেজি কেজির পর পাতা সংগ্রহ করেন, তা সত্যিই বিস্ময়কর। রাষ্ট্রদূত এ সময় স্থানীয় চায়ের স্বাদ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ভ্রমণের অভিজ্ঞতা উপভোগ করার কথা জানান।
পরিদর্শনের অংশ হিসেবে রাষ্ট্রদূত বালিয়াডাঙ্গীর শাহবাজপুর এলাকায় অবস্থিত গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চা কারখানাও ঘুরে দেখেন। সেখানে তিনি কাঁচা পাতা থেকে চা উৎপাদনের প্রক্রিয়া প্রত্যক্ষ করেন এবং কারখানায় উৎপাদিত গ্রিন টি পান করেন। ফেরার পথে তিনি বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তবর্তী মন্ডুমালা গ্রামের সূর্যপুরী জাতের প্রাচীন আমগাছটিও পরিদর্শন করেন।
রাষ্ট্রদূতের এই সফরকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের কর্মকর্তা মিস নিকোল ক্লারিসা বেসনার্ড, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম এবং ঠাকুরগাঁও চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি শরিফুল ইসলাম।

