কক্সবাজারের চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মোহাম্মদ আব্দুল্লাহ (১৫) ও মোহাম্মদ ওমর ফারুক (১৪) নামে আপন দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা ওই এলাকার মাওলানা ফজলে কাদেরের সন্তান এবং স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার সূত্রপাত হয় গত রোববার রাতে, যখন বাড়িতে স্টিলের বাটিতে কয়লা জ্বালিয়ে পাঞ্জাবি ইস্তিরি করছিলেন দুই ভাই। এ সময় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় তারা ঘরের ভেতরেই দগ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীকালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ছোট ভাই মোহাম্মদ ওমর ফারুক মারা যান। একই দিন রাত ৮টার দিকে গ্রামে যখন ওমর ফারুকের নামাজে জানাজার প্রস্তুতি চলছিল, ঠিক তখনই বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর খবর আসে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আব্দুল্লাহর জানাজা শেষে তাকে ছোট ভাইয়ের কবরের পাশে করাইয়াঘোনা জামে মসজিদ কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনায় নিহতদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন দেলোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কয়লার আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং আরও সহায়তা প্রদানের চেষ্টা চলছে। চকরিয়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

